প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলে আইনি নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার ব্যবস্থা বাতিলের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে খাবারের বাজেট উল্লেখযোগ্যভাবে বাড়ানো অথবা বাসা থেকে খাবার আনার নির্দেশ দেওয়ার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন নোটিশদাতা আইনজীবী।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব বরাবর নোটিশটি পাঠান। দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্টে রিট করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

সরকারি ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার সম্মিলিত বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম রান্না, ডাল ও দই। এই উদ্যোগে খাবারের খাতে উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় কমেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের এপ্রিলে সরকারের এই উদ্যোগ সামনে আসার পর থেকেই বিষয়টি আলোচনায় ছিল।

আইনি নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সম্মিলিত ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আমলা, প্রশাসনিক কর্মকর্তা ও নীতিনির্ধারকেরা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী। ঢাকার বর্তমান বাজারদর ও মুদ্রাস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে সুষম পুষ্টি, পর্যাপ্ত আমিষ, ভিটামিন ও ক্যালরিযুক্ত খাবার পাওয়া অসম্ভব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তাদের পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত রাখা হলে তাদের মধ্যে শারীরিক ক্লান্তি ও মানসিক অবসাদ তৈরি হতে পারে। এর ফলে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হবে। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের খাবারের ব্যবস্থা পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad