পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসা কী কারণে বাতিল হতে পারে, সে বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পড়াশোনা ছেড়ে দেওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে স্টাডি প্রোগ্রাম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সতর্কবার্তা দেয় দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে।
সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে থাকার ক্ষেত্রে ভিসার শর্ত ও বৈধ স্ট্যাটাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। দেশটির আইন অনুযায়ী, যে শর্তে একজনকে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, সেই স্ট্যাটাস বজায় না রাখলে ভবিষ্যতে ভিসা বা ইমিগ্রেশন-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।


















