মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে আগামী ৩১ অক্টোবর। এ জন্য শুধু অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে। এর আগে করা কোনো মেডিকেল পরীক্ষার সনদ গ্রহণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে সংশ্লিষ্ট কেন্দ্রের অনুমোদন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশনা মেনে চলা ও সক্ষমতার ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকায় পরিবর্তন আসতে পারে। কোনো কেন্দ্র তালিকা থেকে বাদ পড়তে পারে, আবার নতুন কেন্দ্রও যুক্ত হতে পারে।
আগামী ৩১ অক্টোবরের আগে যেসব কর্মী মেডিকেল পরীক্ষা করিয়েছেন, তাদের পরীক্ষার ফল গ্রহণ করা হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না। মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের পরীক্ষা করাতে পারবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু ‘দালাল ও অসাধু এজেন্সি’ অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে তাদের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে কর্মীদের তা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে ঘটনার তারিখ ও স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণ দিতে হবে। এ জন্য ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে— [email protected]।
এর আগে গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় সরকার। সেদিন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতেও সম্মতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে মালয়েশিয়ায় যেতে কর্মীদের কত টাকা খরচ হবে এবং কোন কোন মেডিকেল সেন্টারে পরীক্ষা করাতে হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি মন্ত্রণালয়।
















