ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দূরবর্তী প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। এর প্রভাবে ২৭ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক বৃষ্টিবলয় সক্রিয় থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।
ইউরোপীয় আবহাওয়া মডেলের (ইসিএমডব্লিউএফ) বরাত দিয়ে সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কম-বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি উল্লেখযোগ্যহারে কমবে গরম ও রোদের তীব্রতা। তবে এর প্রভাবে দেশের কোথাও বন্যা কিংবা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ টিম।
বৃষ্টির সময়ে কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের আটটি বিভাগে সম্ভাব্য বৃষ্টির পরিমাণ ও রূপরেখা নিচে তুলে ধরা হলো:
বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত
রংপুর বিভাগ: এ বিভাগে গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা মাঝে মাঝে ও শেষের দিকে একটানা হতে পারে।
রাজশাহী বিভাগ: এখানে গড়ে ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, যার বেশিরভাগই আকস্মিক ও একটানা প্রকৃতির।
খুলনা বিভাগ: এ অঞ্চলে গড়ে ৪০ থেকে ৫৫ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঢাকা বিভাগ: রাজধানীতে ও এর আশপাশের জেলায় গড়ে ৩০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগ: এ বিভাগে গড়ে ৩০ থেকে ৪৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: এখানে গড়ে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এ অঞ্চলে গড়ে ২০ থেকে ৩৫ মিলিমিটার স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগ: এ বিভাগে গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।














