আকামার মেয়াদ না থাকলেও সৌদিতে যেতে পারবেন কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার ঢাকায় বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে
সোমবার ঢাকায় বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে

সৌদি আরবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর অব্যাহত হামলার মুখে ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারায় অনেক বাংলাদেশি কর্মীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশ্বস্ত করেছেন, আকামার মেয়াদ শেষ হওয়া এসব কর্মীরা পরেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। তাদের প্রবেশের অনুমতি ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্ধারিত টাকায় জনশক্তি রপ্তানি করতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরিফুল ইসলাম বলেন, যে কাজে তিন লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে সাত থেকে আট লাখ টাকা নেওয়া অনুচিত। অভিবাসন ব্যয় বেশি হলে সেই টাকা জোগাড় করতেই কর্মীদের অনেক সময় পার হয়ে যায়।

কর্মীদের বিদেশ গমনের প্রক্রিয়া সহজ করতে এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী। বলেন, যেকোনো অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু করা হয়েছে। এ বিষয়টি প্রচারের উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়টি বিবেচনা করতে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। অভিবাসন ব্যয় কমানোর আহ্বানও জানান তিনি।

আলোচনা সভায় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাকামুল পরীক্ষাপ্রক্রিয়া সহজ করা, পরীক্ষার ফি কমানো, বিএমইটির জনশক্তি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad