ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ

ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ এই সড়ক অবরোধ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে কোন কোন গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছে সে বিষয়টি বলতে পারেননি তিনি।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িক ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর ১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।












-421f49.jpg)

