ইসলামিক ফাউন্ডেশন

সাহরি-ইফতারের সময়সূচিতে ঢাকার সঙ্গে ৯ মিনিট যোগ-বিয়োগের তথ্য ‘ভিত্তিহীন’

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০২: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ‘বিভ্রান্তিকর’ ও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি স্পষ্ট করে জানিয়েছে, ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করার বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

ইসলামিক ফাউন্ডেশন জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি এ বছরের (১৪৪৭ হিজরি) পবিত্র রমজানের জন্য সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে, যা দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ছাপা হয়েছে। তবে কিছু গণমাধ্যমে দাবি করা হয়, এই সময়সূচি মূলত ঢাকা জেলা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রযোজ্য এবং দেশের অন্যান্য অঞ্চলে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সাহরি ও ইফতার করতে হবে।

এই দাবিকে ‘সম্পূর্ণ ভুল’ ও ‘ভিত্তিহীন’ উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশন বলেছে, সংস্থার কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য দেননি। ঢাকার সময়ের সাথে কোনো সময় বা মিনিট যোগ বা বিয়োগ করে সাহরী ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়নি।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, এ বছর ৬৪ জেলার জন্য পৃথক সাহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক জেলার রোজাদারগণ নিজেদের সময়সূচি অনুসরণ করবেন।

এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সাহরি ও ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল মালেক বলেন, অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময়সূচির সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করে নয়; বরং প্রত্যেক এলাকার মানুষ তার জেলার জন্য প্রণীত ও প্রকাশিত সময়সূচি অনুসরণ করবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement