আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

দেশের আকাশে দেখা গেছে রমজান মাসের চাঁদ। ফলে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শাবান মাস। সে হিসাবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশ জুড়ে শুরু হচ্ছে রমজান মাস। এ মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বীরা সিয়াম সাধনা পালন করে থাকেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে আজ বুধবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রমজানের প্রথম দিন হবে আগামীকাল বৃহস্পতিবার।
রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাস জুড়ে সুস্থ মুসলিমদের জন্য রোজা ফরজ তথা বাধ্যতামূলক ইবাদত। রোজায় সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত সময় সব ধরনের পানাহার ও ইন্দ্রিয় সম্ভোগ থেকে বিরত থাকতে হয়।
কোরআন শরিফ ও হাদিসে রোজাকে অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, রোজার মাধ্যমে মুসলিমরা তাকওয়া তথা খোদাভীতি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। আরও বলা হয়েছে, রোজা এমন একটি ইবাদত, যার প্রতিদান আল্লাহ তায়ালা নিজে দিয়ে থাকেন।
রমজানের এক মাস রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহর জন্য উপহার হিসেবে আসে ঈদুল ফিতর, যা মুসলিমদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। গোটা মুসলিম বিশ্ব মহাসমারোহে এই উৎসব পালন করে থাকে।















-f7dee2-256x144.webp)


