৯ মাসে ৩৯৮ গণপিটুনির ঘটনায় নিহত ১৮৭: এইচআরএসএস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
 ৯ মাসে ৩৯৮ গণপিটুনির ঘটনায় নিহত ১৮৭: এইচআরএসএস

২০২৬ সালের প্রথম নয় মাসে দেশে ৩৯৮টি গণপিটুনির ঘটনায় ১৮৭ জন নিহত ও ৪০১ জন আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১৩টি রাজনৈতিক সংঘাতের ঘটনায় প্রাণ গেছে ৭৩ জনের, আহত হয়েছেন ৬ হাজার ৪৭৩ জন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬টি জাতীয় দৈনিকের সংবাদ এবং নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করেছে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অধিকাংশ গণপিটুনির ঘটনা ঘটেছে।

রাজনৈতিক সংঘাতের ৯১ শতাংশ ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংঘর্ষের কারণে। শুধু বিএনপির অভ্যন্তরীণ ৩৪২টি সংঘর্ষে নিহত হয়েছেন ৪০ জন, আহত হয়েছেন ২ হাজার ৬৩২ জন।

রাজনৈতিক সংঘাতে নিহত ৭৩ জনের মধ্যে বিএনপির ৪৬, জামায়াতে ইসলামীর ৮ এবং আওয়ামী লীগের ৬ জন রয়েছেন।

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ৫ হাজার ৬৪৪ জন

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, নয় মাসে ২৭০টির বেশি রাজনৈতিক মামলায় ৫ হাজার ৮০৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩২ হাজার ৪৩৩ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার ৫ হাজার ৬৪৪ জনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী ৪ হাজার ৮২৭ জন।

এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি ও কথিত বন্দুকযুদ্ধে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মারা গেছেন ১০ জন। এ ছাড়া কারাগারে মৃত্যু হয়েছে ৯৫ বন্দির। তাঁদের মধ্যে ৫৫ জন বিচারাধীন, ২০ জন আওয়ামী লীগের কর্মী এবং একজন বিএনপির কর্মী।

সাইবার মামলায় আসামি ১১৩ জন

প্রতিবেদন অনুযায়ী, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় ৪০টি মামলায় ১১৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৫৫ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ১২ জন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ১৯টি সাইবার মামলায় ৫১ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। সার্বিকভাবে ২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৯৭ জন আহত এবং ২০ জন গ্রেপ্তার হয়েছেন।

এ সময়ে পুলিশ ৫৮টি সমাবেশ পণ্ড করে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব ঘটনায় ৪৩৯ জন আহত এবং ৪৬ জন আটক হয়েছেন।

সীমান্তে নিহত ২১ বাংলাদেশি

এইচআরএসএসের তথ্য অনুযায়ী, ভারতের সীমান্তে বিএসএফের ৪৩টি হামলায় ১৩ জন বাংলাদেশি নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নারী ও শিশু নির্যাতনের চিত্র

প্রতিবেদনে বলা হয়, নয় মাসে ২ হাজার ৪০৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৬৫৭ জন। তাঁদের মধ্যে ৩৯২ জন অপ্রাপ্তবয়স্ক। এ সময়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে ১৩০টি এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৯ জনকে।

পারিবারিক সহিংসতায় ৪৫৭ জন নারী মারা গেছেন। এ ছাড়া ১ হাজার ৮১০টি শিশু নির্যাতনের ঘটনায় ৪৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সংখ্যালঘুদের ওপর ৫৬টি হামলার ঘটনায় ২১টি মন্দির ও ৪৭টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৩৫ জন শ্রমিক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement