দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিজিবির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন সদস্য মাঠে রয়েছেন। এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।
বিজিবি আরও জানায়, সংশ্লিষ্ট জেলাগুলোর শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।















