বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কাজী জেসিন। ছবি: সংগৃহীত
কাজী জেসিন। ছবি: সংগৃহীত

সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এক বছরের চুক্তিতে গ্রেড-১ পদপর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কাজী জেসিনের এ নিয়োগের তথ্য জানানো হয়েছে। তিনি মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

মো. মাহবুবুল আলম ২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের সময়ে বিটিভি মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন দুই বছর মেয়াদে। বৃহস্পতিবারই জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে তার অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে বিএনপি সরকার গঠন করে। এরপর বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বে রদবদল আনা হয়েছে। ছয় মাস পর রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভির প্রধান পদে নিয়োগ দেওয়া হলো নতুন কাউকে।

কাজী জেসিনকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা, সরকারি কিংবা আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক বাদ দেওয়ার শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।

গাইবান্ধার মেয়ে কাজী জেসিন সাংবাদিক, উপস্থাপক ও কবি। যুক্তরাজ্যের কামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন ও লিডারশিপ’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে’র একজন ফেলো ও নিউ মিডিয়া টেকনোলজির ওপর বিশেষ ফেলোশিপ সম্পন্ন করেছেন।

ছাত্রজীবন থেকেই কাজী জেসিন লেখালেখির সঙ্গে যুক্ত। তার প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘জোৎস্নামত্ত যাত্রা’ (১৯৯৭) ও ‘তানানুম তানানুম’ (২০১০)।

পেশাদার সাংবাদিক হিসেবে এনটিভি, চ্যানেল ওয়ান, জিটিভি, এটিএন বাংলা, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভির মতো শীর্ষস্থানীয় সব স্যাটেলাইট টেলিভিশনে কাজ করেছেন কাজী জেসিন।

তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে পেশাগতভাবে নিপীড়নের শিকার হন তিনি। তাকে টকশো সঞ্চালনা বন্ধ করে দিতে হয়। পরে দেশের কোনো টিভি চ্যানেলেই কাজ করতে পারেননি। ছাড়তে হয় দেশ। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। ২০২৪ সালের ডিসেম্বরে জিটিভিতে ‘টাইমলাইন বাংলাদেশ’ নামে একটি টকশো সঞ্চালনা শুরু করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement