বাসস পরিচালনা বোর্ডের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার

নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
বাসস পরিচালনা বোর্ডে পরিচালক রয়েছেন ১২ জন। তাদের মধ্যে রয়েছেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা; এবং পদাধিকার বলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
পরিচালনা বোর্ডের বাকি সদস্যরা হলেন— দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান, ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও বাসস বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে। এ আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।
এর আগে ২০২৪ সালের ১০ নভেম্বর দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদকের দায়িত্বে থাকা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রায় দুই বছর তিনি সে দায়িত্ব পালনের পর বাসস পরিচালনা বোর্ড পেল নতুন চেয়ারম্যান। বাসস।
















-af5c8f-256x144.webp)
