মানবপাচার চক্রের খপ্পড়ে লিবিয়ায় অপহরণ-নির্যাতনের শিকার, ফিরলেন ১৭৩ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৭৩ বাংলাদেশি নাগরিককে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন তারা। অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফিরেছেন এসব বাংলাদেশি। বুরাক এয়ারের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে প্রত্যাবসিত ব্যক্তিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে যাতায়াত খরচ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক চিকিৎসার। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএমের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad