দাম্মামে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর, বন্ধই থাকছে রিয়াদে

সৌদি আরবের দাম্মাম রুটে আগামী ৭ নভেম্বর থেকে আবার ফ্লাইট চালু সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে রিয়াদে ফ্লাইট চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী শনিবার (৭ নভেম্বর) থেকে দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল ও স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান।
সংস্থাটির মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট চলবে।
রিয়াদ রুটের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ওই পথের যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরব যাতায়াত করছে। ফলে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।”
বিজ্ঞপ্তিতে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতি গোষ্ঠীর হামলার পর ঢাকা থেকে সৌদি আরবগামী ও সংশ্লিষ্ট রুটের ১৬৫টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ৯১৭ জন যাত্রী।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৮৮টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৬টি রয়েছে।
ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের। এ সংস্থার ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এ ছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।














