পুলিশের ৩ ইউনিটের শীর্ষ পদে রদবদল, এসআরবির নতুন মহাপরিচালক ফারুক

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্প পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বদলির কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে এসআরবির বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।
এ ছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।













