মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় ৪ নেতাকে নিয়ে প্রদর্শনী স্থগিত, নেপথ্যে ‘নিরাপত্তা ঝুঁকি’

নিরাপত্তাজনিত কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতাকে নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও মফিদুল হক।
সারওয়ার আলী বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জানায়, নিরাপত্তার কারণে প্রদর্শনীটি আপাতত বন্ধ রাখা উচিত। তাদের পরামর্শেই উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়েছে।
নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন অতিথিও জাদুঘরে এসেছিলেন। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ১২ থেকে ১৫ জন পুলিশ সদস্য সেখানে গিয়ে নিরাপত্তার কথা জানিয়ে অনুষ্ঠান করতে নিষেধ করেন। পরে আয়োজকেরা উদ্বোধন স্থগিতের ঘোষণা দেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, অনুমতি ছাড়া একটি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছিল, অনুমতি ছাড়া সেখানে অনুষ্ঠান করা যাবে না। পরে পুলিশ গিয়ে বিষয়টি দেখভাল করেছে।
অনুষ্ঠান বাতিল করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, জাদুঘর কর্তৃপক্ষই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত জানিয়েছে।
জাদুঘরের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধকালীন সরকারের কর্মকর্তা ও সাবেক সচিব ওয়ালিউল ইসলামের।
জাদুঘরের ট্রাস্টিরা ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীটি আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।













