আইনের ফাঁকফোকরে ছাড়া পাচ্ছে অপরাধীরা: আইজিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইনের ফাঁকফোকরে ছাড়া পাচ্ছে অপরাধীরা: আইজিপি

আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন আটকে রাখা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

আইজিপি বলেন, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং তাদের অনেকেই একাধিকবার আইনের আওতায় এসেছে। কিন্তু আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা বেরিয়ে এসে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে এক শিক্ষককে হত্যার ঘটনাও ঘটেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। দেশে প্রতি এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য রয়েছেন উল্লেখ করে তিনি সমাজের সব শ্রেণির মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

পুলিশকে জনবান্ধব হওয়ার ওপর জোর দিয়ে আলী হোসেন ফকির বলেন, জুলাই বিপ্লবের পর বিভিন্ন জায়গায় পুলিশ প্রতিরোধের মুখে পড়ছে। অথচ অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে পুলিশের ভূমিকা রয়েছে। পুলিশ কাজ করতে না পারলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তা অতীতে দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, পুলিশকে গালি বা অপমান না করে সমাজের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাই ব্যর্থ হলে সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে না।

মাদকাসক্তির ক্ষতি তুলে ধরে তিনি বলেন, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জীবন ক্ষতিগ্রস্ত হয়। দায়িত্ব পালনকালে এমন ঘটনাও দেখেছেন, যেখানে মাদকের টাকা না পেয়ে সন্তান নিজের বাবাকে মারধর করেছে।

নতুন প্রজন্মকে খারাপ কাজ থেকে দূরে রাখতে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার বাইরে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত করার আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, কমিউনিটি ব্যাংকের কর্মকর্তাসহ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি নিমগাছ রোপণ করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement