শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ

নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে এবং বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।
আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলেও ঝুঁকির তালিকায় ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।











