ক্ষমতা কুক্ষিগত করে খাদ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, রাজনীতি ডটকম
খাদ্য অধিদপ্তর। লোগো
খাদ্য অধিদপ্তর। লোগো

খাদ্য অধিদপ্তরে বদলি ও পদায়ন নিয়ে বিশৃঙ্খলা, অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের (আরসি ফুড) বদলি ও পদায়নের ক্ষমতা স্থগিত রাখার পর খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পছন্দের কর্মকর্তাদের পদায়ন এবং এ প্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মু. জসীম উদ্দিন খান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। জানতে চাইলে রাজনীতি ডটকমকে বলেছেন, তিনিও এ ধরনের নানা কথা শোনেন। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি বা প্রমাণ নেই।

অভিযোগ রয়েছে, মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে আসা বদলি ও পদায়নের নির্দেশনাগুলো খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এ সুযোগে একটি চক্র গত কয়েক মাসে বদলি ও পদায়নকে কেন্দ্র করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এসব কর্মকাণ্ডে খাদ্য বিভাগের একজন কর্মকর্তার নাম বারবার সামনে আসছে।

খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জনবলসংকটের পাশাপাশি বদলি ও পদায়নসংক্রান্ত প্রশাসনিক জটিলতায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, যোগ্যতা, জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা ও প্রচলিত নীতিমালার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, তদবির এবং আর্থিক লেনদেন পদায়নের ক্ষেত্রে প্রভাব ফেলছে।

কর্মকর্তাদের ভাষ্য, কোন কর্মকর্তাকে কোথায় বদলি বা পদায়ন করা যুক্তিসঙ্গত, তা সংশ্লিষ্ট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকরাই ভালো জানেন। স্থানীয় প্রশাসনিক প্রয়োজন, জনবল পরিস্থিতি, কর্মকর্তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বিবেচনায় নিয়ে তাদের সিদ্ধান্ত দেওয়ার কথা। কিন্তু বদলি ও পদায়নের ক্ষমতা কার্যত কেন্দ্রীয় পর্যায়ে সীমিত হয়ে পড়ায় এসব বিষয় যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

ভুক্তভোগী কয়েকজন কর্মকর্তার অভিযোগ, আগে আঞ্চলিক পর্যায়েও বদলি ও পদায়ন নিয়ে কিছু অনিয়ম ছিল। তবে বর্তমানে আর্থিক লেনদেনের পরিমাণ ও তদবিরের প্রভাব বেড়েছে। তাদের দাবি, যোগ্য কর্মকর্তারা অনেক ক্ষেত্রে উপযুক্ত কর্মস্থলে যেতে পারছেন না। একেকটি অঞ্চলের কোন কার্যালয়ে কাকে পদায়ন করা প্রয়োজন, সেই সিদ্ধান্তও কেন্দ্রীয় পর্যায় থেকে নেওয়ায় নানা জটিলতা তৈরি হচ্ছে।

আরসি ফুডের ক্ষমতা স্থগিত

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, মু. জসীম উদ্দিন খান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই মন্ত্রণালয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের বদলি ও পদায়নের ক্ষমতা স্থগিত করে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরসি ফুডরা বদলির আদেশ জারি করতে পারবেন না— এমন নির্দেশনার পর বদলি ও পদায়নের নিয়ন্ত্রণ কার্যত অধিদপ্তরের কেন্দ্রীয় প্রশাসনের হাতে চলে যায়।

তবে খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভিন্ন প্রেক্ষাপটে। চলতি বছরের এপ্রিলে বোরো সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় খাদ্যগুদাম (এলএসডি), কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) ও সাইলোতে বদলি ও পদায়ন স্থগিত রাখা হয়।

এ বছরের ২৩ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে ওই আদেশ প্রত্যাহার বা সংশোধন করে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে বদলি ও পদায়নের ক্ষমতা নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, সমালোচনার মুখে আঞ্চলিক পর্যায়ে কিছু সীমিত ক্ষমতা দেওয়া হলেও গুরুত্বপূর্ণ পদ ও কর্মস্থলে পদায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। এতে মন্ত্রণালয়ের নির্দেশনা বা প্রভাবশালী মহলের সুপারিশ মহাপরিচালকের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। ফলে আঞ্চলিক বা বিভাগীয় প্রশাসনের ভূমিকা অনেক ক্ষেত্রে গৌণ হয়ে পড়েছে।

জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান রাজনীতি ডটকমকে বলেন, ‘বর্তমানে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকেরাই বদলি ও পদায়ন করছেন। এটি তাদেরই দায়িত্ব।’

আরসি ফুডদের বদলি ও পদায়নের ক্ষমতা স্থগিত রাখার বিষয়ে ডিজি বলেন, বোরো সংগ্রহ অভিযানের সময় এ আদেশ জারি হয়েছিল। বোরো সংগ্রহ অভিযান শেষ হওয়ার পর ওই আদেশ কার্যকারিতা হারিয়েছে। এখন আরসিরাই বদলি ও পদায়নের কাজ করছেন।

তবে ২৩ এপ্রিলের অফিস আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি ও পদায়ন স্থগিত রাখার কথা উল্লেখ ছিল। আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার বা সংশোধন না করার কারণ জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘বিষয়টি মন্ত্রণালয় বলতে পারবে।’

বদলি-পদায়নে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ

বদলি ও পদায়নে নীতিমালা অনুসরণ না করার অভিযোগের উদাহরণ হিসেবে দিনাজপুরের পুলহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পদায়নের বিষয়টি উল্লেখ করেছেন খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা।

তাদের দাবি, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে বদলি ও পদায়ন কার্যকর হলে ওই কর্মকর্তা এমন পদায়নের সুযোগ পেতেন না। প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা পরপর তিনটি খাদ্যগুদামে দায়িত্ব পালন করতে পারেন না। কিন্তু এ নিয়মের ব্যত্যয় ঘটিয়ে মাইদুল ইসলামকে আশুগঞ্জে পদায়ন করা হয়েছে। এ পদায়নের পেছনে আর্থিক লেনদেনের গুঞ্জনও রয়েছে বলে দাবি তাদের।

কর্মকর্তাদের ভাষ্য, আর্থিক লেনদেন বা প্রভাব খাটাতে না পারলে অনেক ক্ষেত্রে পছন্দের কর্মস্থলে পদায়ন পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে অধিদপ্তরের নিয়মতান্ত্রিক বদলি ব্যবস্থার পরিবর্তে অনানুষ্ঠানিক তদবির ও প্রভাবের সংস্কৃতি গড়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি দেশের ১৩টি কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) কর্মকর্তাদের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, পদায়নের আদেশ জারি হওয়ার পরও তালিকাভুক্ত ১৩ জন কর্মকর্তার মধ্যে কয়েকজনকে নতুন কর্মস্থলে যোগ দিতে দেওয়া হয়নি। তাদের আগের কর্মস্থলেই বহাল থাকতে হয়েছে।

এ ক্ষেত্রে অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট মহলের ‘চাহিদা’ পূরণ করতে পারলেই কেউ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বা আগের পদে বহাল থাকতে পারেন। অন্যথায় পদায়নের আদেশ কার্যকর হয় না।

তবে এ অভিযোগের বিষয়ে ডিজি জসীম উদ্দিন খান বলেন, ‘সম্ভবত তিনজন কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি। তাদের মধ্যে দুজন নতুন কর্মস্থলে না যাওয়ার জন্য আবেদন করেছেন। অন্য একজন বেশ অসুস্থ।’

আব্দুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন

খাদ্য বিভাগের কর্মকর্তা মো. আব্দুর রহমান খানকে ঘিরেও নানা অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বদলি ও পদায়নসংক্রান্ত তদবিরের আয়োজন এবং এ বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সূত্রগুলোর ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলে খাদ্য বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আব্দুর রহমান বিশেষ সুবিধা পেয়েছেন। তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সময়ে খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি হিসেবে তিনি প্রভাব বিস্তার করেন। পরবর্তী সময়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০১৬ সালে খাদ্য পরিদর্শক সমিতির নির্বাচনে আব্দুর রহমানকে আবারও সভাপতি করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) হন আব্দুর রহমান। এরপর চাঁদপুর ও কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ জেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি ফুড) দায়িত্ব পালন করেন।

একজন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পালনের বিষয়টি নিয়েও খাদ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন রয়েছে।

আব্দুর রহমানের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক দাবি করেন, বদলি বা পদায়নে ওই কর্মকর্তার ভূমিকা সম্পর্কে তিনি কিছু জানেন না।

অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান খান রাজনীতি ডটকমকে বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হয়রানি ও বৈষম্যের শিকার হয়েছেন। তিনি দুবার খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয়তার কারণে, কারও করুণায় নয়।

২০১৩ সালের পর সমিতির নির্বাচন আর হতে দেওয়া হয়নি জানিয়ে আব্দুর রহমানের দাবি, তিনি নির্বাচনে জয়ী হতে পারেন— এমন আশঙ্কা থেকেই নির্বাচনের পরিবর্তে পদ ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা তাতে রাজি হননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, সরকারি চাকরি করেন বিধায় সরকার তাকে যে দায়িত্ব দিয়েছে, সেটিই পালন করেছেন। নিয়োগ ও বদলিসহ কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করেন তিনি। পালটা অভিযোগ করে বলেন, অধিদপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারী তার বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন।

খাদ্য ব্যবস্থাপনায় প্রভাব পড়ার আশঙ্কা

বদলি ও পদায়নসংক্রান্ত অভিযোগের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের আটা সরবরাহ, পুষ্টিচাল এবং শিপিং ব্যবসা নিয়েও নানা অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের আশঙ্কা, এসব খাতে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের প্রভাব তৈরি হলে সরকারের খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।

খাদ্য বিভাগের কর্মকর্তাদের মতে, অধিদপ্তরের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদলি ও পদায়নের ক্ষমতা এবং সংশ্লিষ্ট আদেশের বৈধতা স্পষ্ট করা জরুরি। একই সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা, পদায়নের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

তাদের মতে, খাদ্য অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন যদি যোগ্যতা, জ্যেষ্ঠতা ও প্রশাসনিক প্রয়োজনের পরিবর্তে তদবির ও আর্থিক লেনদেনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে এর প্রভাব শুধু কর্মকর্তা-কর্মচারীদের ওপরই নয়, সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনা ও সরকারি সরবরাহব্যবস্থার ওপরও পড়তে পারে।

খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের আওতায় ঢাকাসহ সারা দেশে প্রায় সাত হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, যদিও খাদ্য বিভাগে মোট পদের সংখ্যা প্রায় ১৪ হাজার। অধেক জনবল ও প্রশাসনিক জটিলতা নিয়েই চলছে খাদ্য অধিদপ্তর।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad