জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শুরু

ইলিশের উৎপাদন বাড়ানো ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
মৎস্য অধিদপ্তর সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
এর আগে গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়ন করা হয়।
ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা পাঁচ থেকে আট মাস পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করে। এ সময় পোনাগুলোকে নিরাপদে বেড়ে ওঠার সুযোগ দেওয়া জরুরি। সেগুলো সুরক্ষিত থাকলে ভবিষ্যতে দেশের ইলিশের উৎপাদন আরও বাড়বে।











-bbd08f-256x144.webp)

-e9240e-256x144.webp)
