নিজ বাড়িতে ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির অভিযোগে পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ওই ঘটনা ও তা নিয়ে সংবাদ প্রকাশের ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। গত ২৫ অক্টোবর থেকে এ আদেশ কার্যকর হবে।
বরখাস্তের সময় জহিরকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর ভোররাতে খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরদিন পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত এই কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
অভিযানের পর ডিবি জানায়, ওই বাড়িতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করার তথ্যও জানায় ডিবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জহিরের কর্মকাণ্ডকে ‘শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলা পরিপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।












-e9240e-256x144.webp)

