কাল মজুরি বোর্ড গঠন, আন্দোলনের ‘কারণ’ দেখছেন না শ্রমমন্ত্রী

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার মতে, এ উদ্যোগ নেওয়ার পর শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আর কোনো কারণ নেই।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টা আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও শ্রমিকদের এ দাবি মেনে নিয়েছেন। ফলে মজুরি বোর্ড গঠন নিয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও দুই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মালিকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন তারা।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় কারখানা ভাঙচুর বা বন্ধ রাখার প্রয়োজন নেই। এসব কর্মকাণ্ডে তৈরি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে তাঁদের উত্তেজিত করছেন। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছেন, তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান শ্রমমন্ত্রী। তার ভাষ্য, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, তাঁদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। পোশাকশিল্পে স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএমইএর সহসভাপতি মো. রেজওয়ান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।












-e9240e-256x144.webp)


