মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক করে মন্ত্রণালয় বলেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। স্লিপ প্রদানকারী এজেন্সির এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত ফির বেশি অর্থ দাবি, হয়রানি কিংবা কোনো ধরনের টালবাহানার শিকার হলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য [email protected] ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করবে মন্ত্রণালয়। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে তা গ্রহণযোগ্য হবে না। অভিবাসন ছাড়পত্রের ক্ষেত্রেও আগের পরীক্ষার প্রতিবেদন বিবেচনা করা হবে না।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad