২২ ঘণ্টা পর নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৪: ৩৫
বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত
বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গতকাল দুপুরে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগি উদ্ধার ও রেললাইন সংস্কারের পর আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম।

বুধবার বেলা ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ বগুড়ার সান্তাহার জংশনের উত্তরে বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনের পেছনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলা— নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাকশী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, ‘বুধবার রাত থেকে উদ্ধারকাজ চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেরামত কাজ সম্পন্ন হয়। বেলা ১২টায় ওই রেলপথ দিয়ে খুলনাগামী সীমান্ত ট্রেন নির্বিঘ্নে সান্তাহার স্টেশনে পৌঁছায়।’

গতকালের ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকেই হুড়োহুড়ি করে নামার চেষ্টা করেন। পরে রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে আহত হয় ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন। ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলের প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement