কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি দেশে ফিরছেন মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিরা। ফাইল ছবি
কম্বোডিয়ায় স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিরা। ফাইল ছবি

কম্বোডিয়ায় সাইবার প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগে বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়ার পর ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ বাংলাদেশি আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে চিঠি পাঠিয়েছে বোর্ডের প্রবাসী কল্যাণ শাখা। চিঠিতে আটক বাংলাদেশিদের মুক্তি ও দ্রুত দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিটি অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন নামের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে পাঠানো হয়।

গত ৩ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে কম্বোডিয়ার রাজধানী নমপেনের বিমানবন্দরে গেলে ৩২ বাংলাদেশিকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। পরে তাদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জনকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়। দেড় মাসের বেশি সময় আটকে থাকার পর এবার তাদের দেশে ফেরার ব্যবস্থা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দালাল চক্র এসব বাংলাদেশিকে কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে জোর করে সাইবার প্রতারণা বা অনলাইন স্ক্যামিংয়ের কাজে যুক্ত করা হয়। এসব কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

পরে দেশে ফেরার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর তারা নমপেনের বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন যাচাইয়ের সময় বিভিন্ন জটিলতার কারণে আটক হন। অবৈধভাবে অবস্থানের বিষয়টিও আটকের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আটক ৩০ বাংলাদেশি হলেন— মো. হারুন অর রশীদ, মো. আব্দুল ওয়াদুদ, মো. তারলিব হাসান তিতুল, সুমিত চন্দ্র দাস, রাকিব হোসেন, বাপ্পি দাস, মো. লাবন শেখ, মো. আবদুর রহমান, মো. বিল্লাল হোসেন, মো. মোস্তফা, নূর নবী, মো. ইমন আলী, মো. বারকাতুল্লাহ, মো. রুবেল মিয়া, আলী আহমেদ, জাহিদুল ইসলাম, শামসুল আলম, মো. আবদুর রহমান, আবু জাহের সবুজ, শাওন, নাহিদ ঢালি, রাজু হোসেন, মো. তৈয়ব আলী শেখ, সাইমন ভূঁইয়া, মো. রাশেদুল, মো. আকাশ আহমেদ, মো. শিমুল আলী, আশিকুর রহমান, মো. আলামিন পিকে ও মোহাম্মদ কবির।

এর আগে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ২৫৯ বাংলাদেশিকে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কয়েক দফায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement