ভুয়া মামলা দিয়ে হয়রানি, লালমনিরহাটের বিচারক আরিফুল বরখাস্ত

লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ভুয়া মামলা দিয়ে গাজীপুরে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে অভিযুক্ত তিনি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।
বিচারক আরিফুলকে সাময়িক বরখাস্ত করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। সচিবের রুটিন দায়িত্বে থাকা মো. খাদেম উল কায়েস আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরিয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) আরিফুল ইসলাম বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত। তার বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণে’র অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
প্রজ্ঞাপন বলছে, আরিফুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছেন। তাই বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকার সময় আরিফুল বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে একই শাখা থেকে উপসচিব মাসুম বিল্লাহর সইয়ে জারি করা আরেক প্রজ্ঞাপনে আরিফুল ইসলামকে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জেলা জজ) হিসেবে বদলি করা হয়।

















-39080c-256x144.webp)