সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালত প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি
আদালত প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) খায়রুল হকের জামিন আবেদনের শুনানি করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও মো. জাহাঙ্গীর হোসেন।

আদালতের আদেশের পর আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘আজকের যাত্রাবাড়ীর মামলাটিসহ মোট আটটি মামলায় তিনি জামিন পেলেন। তার বিরুদ্ধে আর কোনো পেন্ডিং মামলা নেই এবং নতুন কোনো মামলায় তাকে এখন পর্যন্ত অ্যারেস্ট দেখানো হয়নি। ফলে আপাতত তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা জামিন করালেই নতুন মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়। এর আগেও হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর আমরা দেখেছি, এক দিন আগের পুরনো তারিখে তাকে নতুন করে অ্যারেস্ট দেখানো হয়েছিল। এবারও যদি তারা এমন কিছু করে বসে, তাহলে তো সেটি আমাদের আগে থেকে জানার কোনো সুযোগ নেই।’

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে খোবাইব (২০) নিহত হন। এ ঘটনায় তার ভাই জোবায়ের আহম্মেদ ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে এই মামলায় গত ২১ জুন খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। পরে তিনি হাইকোর্টে আবেদন করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই