কিশোর হত্যা মামলা: ফের ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে শুনানির জন্য সাঈদ খোকনকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার কারণ তুলে ধরেন। এ সময় রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৭ নভেম্বর একই মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। ওই আবেদনের শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। পরে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালিব গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামিদের তালিকায় ২৯ নম্বরে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।














-78eff2-256x144.webp)
