অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু, চলতি বছরে সর্বোচ্চ

দেশে ডেঙ্গুর প্রকোপে অক্টোবর মাসে ১৭৪ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ। এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগটিতে প্রাণ হারিয়েছেন ৪১৯ জন। এর আগে সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৩ জন।
শনিবার প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬০৪ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, বরিশালে ২৩৪, খুলনায় ২২৮, রাজশাহীতে ১৪৯, ময়মনসিংহে ৭০ এবং রংপুরে ৬৭ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সেই হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
এর পরের বছরগুলোতেও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে ছিল। ২০২৫ সালে এ রোগে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

-c173ff.jpg)









-c173ff-256x144.webp)



-bbd08f-256x144.webp)
