ঢাকা মেডিকেলে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি: সংগৃহীত
ফাইল ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোগী ও স্বজনদের দুর্ভোগের কথা বিবেচনা করে বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, “দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।”

ধর্মঘটের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে বৈঠক করেন সমিতির নেতারা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, “আগামী সাতদিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।”

হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে ধর্মঘট শুরু করেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা। এর ফলে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বিকেল পর্যন্ত রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ধর্মঘটের কারণে চালকেরা হাসপাতাল প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্স সরিয়ে নেন। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন রোগী ও স্বজনেরা। বিশেষ করে মরদেহ বাড়িতে নেওয়া এবং গুরুতর আহত বা অক্সিজেননির্ভর মুমূর্ষু রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করতে গিয়ে সমস্যায় পড়েন তারা।

অ্যাম্বুলেন্স না পেয়ে মুমূর্ষু রোগীদের সিএনজিচালিত অটোরিকশায় করে অন্য হাসপাতালে নেওয়ার ঘটনাও ঘটে। ধর্মঘট স্থগিতের পর সন্ধ্যা থেকে অ্যাম্বুলেন্স চলাচল ও জরুরি রোগী স্থানান্তর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad