ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট: রোগী ও মরদেহ পরিবহনে ভোগান্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেলে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। অ্যাম্বুলেন্স না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন পিকআপসহ বিকল্প যানবাহনে রোগী ও মরদেহ নিয়ে যেতে। বিভিন্ন জেলা থেকে আসা অ্যাম্বুলেন্সে রোগী বহনে বাধা দেয়ার অভিযোগও আছে একটি চক্রের বিরুদ্ধে। এতে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ পরিবহনে চরম ভোগান্তিতে পড়েছেন স্বজনরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

ভুক্তভোগীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে কেউ কেউ বিকল্প হিসেবে ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে মরদেহ নিতে বাধ্য হচ্ছেন।

রোগীর স্বজনদের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে আগত অ্যাম্বুলেন্সকেও ভাড়া নিতে বাধা দিচ্ছে একটি চক্র। ঢাকা মেডিকেলে রোগী নামানোর ক্ষেত্রেও বাধার সম্মুখীন হয়েছেন অনেক চালক।

অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর জানান, নতুন পরিচালক দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সব অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করা হলেও, পরবর্তীতে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পার্কিংয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

এদিকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ও সিন্ডিকেটের বাধার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad