ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২
-c173ff-480x270.webp)
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ২২৩ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০১ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ৩০৬ জন। চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬, রাজশাহীতে ১০৫, ময়মনসিংহে ৯৮, রংপুরে ৬৬ এবং সিলেট বিভাগে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সেপ্টেম্বরেই এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১৪৮ জনের।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা হচ্ছে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছরই রোগটিতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।
















-9c3647-256x144.webp)
