শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ৩টি ‘সোনার ডিম’ উদ্ধার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার পেস্টভর্তি তিনটি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টমস হাউস। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করেন সংস্থাটির গোয়েন্দারা।
একপর্যায়ে ওই ফ্লাইটের যাত্রী আরমান উদ্দীন সিদ্দিক ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে তাকে সন্দেহ হয়। পরে গোয়েন্দারা তাকে তল্লাশি করেন। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি বস্তু পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতরে গোলাকৃতিতে সোনার পেস্ট রাখা ছিল।
এনবিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া প্রতিটি গোলাকৃতির সোনার ওজন ৪৩০ গ্রাম করে। তিনটিতে মোট ১ হাজার ২৯০ গ্রাম সোনা রয়েছে। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। ডিম্বাকৃতির এসব সোনার পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ হাজার গ্রাম সোনা পাওয়া যাবে।
পরিশোধনের পরে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে এনবিআর। ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের পক্ষ থেকে ফৌজদারি মামলা করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

















