নামের ভুলে ভারতে হত্যা মামলায় সাজা, ১৮ বছর পর প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল

১৮ বছর বয়সে তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল ফরাজি। কিন্তু সেখানে গিয়ে জড়িয়ে পড়েন এক বৃদ্ধাকে হত্যার মামলায়। নামের মিলের কারণে গ্রেপ্তারের পর সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। ভারতের কারাগারে প্রায় ১০ বছর কাটানোর পর বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরেও মুক্তি মেলেনি। সব মিলিয়ে ১৮ বছরের কারাবাস শেষে এবার চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন বাদল।
গত ১৬ নভেম্বর তার প্যারোল মঞ্জুর করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বাদলের বিরুদ্ধে যে হত্যার মামলা হয়েছিল, সেই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মীরা। তাদের বক্তব্য, দিল্লিতে ৭১ বছর বয়সী এক নারীকে হত্যার ঘটনায় পুলিশ ‘বাদল সিং’ নামে তার গৃহকর্মীকে খুঁজছিল। নামের মিল থাকায় গ্রেপ্তার করা হয় বাংলাদেশি বাদল ফরাজিকে। অথচ হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেছিলেন।
দীর্ঘ এই কারাবাসে বাদল হারিয়েছেন বাবাকে। তার মা শেফালী বেগমও এখন চলাফেরা করতে পারেন না। ছেলের ফেরার অপেক্ষায় থাকা মায়ের কথা জানিয়ে বাদলের বোন আকলিমা বেগম বলেন, তারা বাদলের মুক্তির অপেক্ষায় আছেন। তাদের চাওয়া, মুক্তির পর যেন তাকে আর কারাগারে ফিরতে না হয়।
বাদলকে ঘিরে দুই দেশেই দীর্ঘদিন ধরে মুক্তির দাবি উঠেছে। তাকে নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি মানববন্ধন, গণস্বাক্ষরসহ নানা কর্মসূচি হয়েছে। তার জীবনের ঘটনা নিয়ে লেখা হয়েছে উপন্যাসও। রাহিতুল ইসলাম খানের লেখা ওই উপন্যাসটির নাম ‘বাদলের কারাবাস: ভুল বিচারে ১৮ বছর— ভারত থেকে বাংলাদেশ’।
বাদলের মুক্তির জন্য বাংলাদেশে কাজ করেছে প্রচেষ্টা ফাউন্ডেশন। কয়েকজন সাংবাদিক ও আইনজীবীও এ উদ্যোগে যুক্ত ছিলেন। ভারতে এ নিয়ে কাজ করেছেন মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে। সর্বশেষ গত ৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে বাদলের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।
পর্যটক হয়ে গিয়ে আসামি
বাদলের কারাবাসের সূত্রপাত ২০০৮ সালে। ওই বছরের ৬ মে দিল্লিতে নিজের বাসায় খুন হন নির্মলা মাদান নামের ৭১ বছর বয়সী এক নারী। হত্যাকাণ্ডের পর পুলিশ তার গৃহকর্মী ‘বাদল সিং’কে খুঁজছিল।
এর প্রায় দুই মাস পর তাজমহল দেখতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেন বাংলাদেশের বাদল ফরাজি। পর্যটক ভিসা নিয়ে ১৩ জুলাই বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতের হরিদাসপুরে প্রবেশ করেন তিনি। ভিসাটি দিয়েছিল ঢাকার ভারতীয় হাইকমিশন।
ভারতে প্রবেশের পরপরই বিএসএফের হাতে আটক হন বাদল। পরে ২১ জুলাই তাকে নির্মলা মাদান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের দাবি ছিল, তিনি সেই ‘বাদল সিং’।
তখন বাদলের বয়স মাত্র ১৮ বছর। পড়াশোনার পাশাপাশি তার পরিকল্পনা ছিল ভারতে বেড়ানো। পরিবার ও মানবাধিকারকর্মীদের ভাষ্য, ইংরেজি কিংবা হিন্দি না জানার কারণে নিজের পরিচয় ও অবস্থান যথাযথভাবে তুলে ধরতে পারেননি তিনি।
বাদল যে বাংলাদেশের নাগরিক, তার প্রমাণ দিতে উদ্যোগ নেয় বাংলাদেশ হাইকমিশনও। ২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। সেখানে বাদলের পাসপোর্ট ও ভিসার নম্বর, ভিসা দেওয়ার তারিখ এবং ভারতে প্রবেশের বিবরণ উল্লেখ করা হয়। তার স্কুল থেকেও পরিচয় নিশ্চিত করে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল। কিন্তু এসব নথি আদালতে উপস্থাপনের পরও মুক্তি পাননি বাদল।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসের ২২ তারিখ দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ২০১৬ সালে দিল্লি হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখেন।
ভারত থেকে দেশে ফিরেও কারামুক্তি হয়নি
দিল্লির তিহার কারাগারে প্রায় এক দশক কাটে বাদলের। এই সময়ের মধ্যে কারাগারে বসেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি। বিভিন্ন কাজেও যুক্ত ছিলেন। অন্যদিকে তার মুক্তির দাবিতে ভারতের মানবাধিকারকর্মীরা একাধিকবার মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
২০১৮ সালের ৬ জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় বাদলকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার আগে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার মুক্তির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে আসার পরও কারাগারের বাইরে যাওয়ার সুযোগ পাননি তিনি। তাকে রাখা হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
বাদলের সাজা ও মুক্তির বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। ভারতের দণ্ডবিধি অনুযায়ী তার সাজা ১৪ বছরের। অন্যদিকে বাংলাদেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। ফলে কোন দেশের আইন অনুসরণ করে তার সাজা গণনা করা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
বাদলের মুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার সাজা মওকুফের সুপারিশও করা হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ‘ছেলেটি নির্দোষ জানার পরও আমরা কিছু করতে পারিনি। কারণ, ভারতের আদালতে সাজা হয়েছে। যেহেতু তাদের আদালতে সাজা হয়েছে, তাদের আইন মেনেই বাদলকে মুক্তি দেওয়া হবে। তবে তার মুক্তির প্রক্রিয়া যাতে ত্বরিত হয়, আমরা সেই ব্যবস্থা নেব।’
দীর্ঘ অপেক্ষার পর প্যারোল
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাদলকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। এর মধ্যে স্থায়ীভাবে মুক্তি পাওয়ার চেষ্টাও চালায় তার পরিবার। তবে সেই উদ্যোগ সফল হয়নি।
নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডের (সেনটেন্স রিভিউ বোর্ড) বৈঠকে বাদলের আগাম মুক্তির আবেদন নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত আবেদনটি নাকচ করে দেয় বোর্ড।
এরপর প্যারোলে মুক্তির সুযোগ পেতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ভারতের তিন আইনজীবী সার্থক ম্যাগন, বৈভব ভরদ্বাজ ও রঞ্জিত কুমার সাহু। গত ২৯ সেপ্টেম্বর আদালত এক আদেশে জানান, প্যারোলের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করতে হবে।
এই আদেশের পর বাদলের প্যারোল নিয়ে সরকারি পর্যায়ে প্রক্রিয়া শুরু হয়। ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারক পাঠায়। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি স্মারক জারি করে। পরে ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম ভাইয়ের প্যারোল চেয়ে আবেদন করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতও নেওয়া হয়।
সবশেষে ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্যারোল মঞ্জুরের স্মারক জারি করা হয়। এতে বাদল ফরাজিকে চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাদলের মুক্তির প্রক্রিয়া চলছে।











-be2ee0-256x144.webp)


