বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার

রাজধানী ঢাকায় চলন্ত বাসে এক নারীকে পোশাক নিয়ে হেনস্তাকারী হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) রমজান পরিবহনের বাসে চালকের সহকারী হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪ এর একটি দল।
এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে বাসের মধ্যে হেনস্তা করার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওড়না না পরার কারণে চলন্ত বাসে এক নারীকে বারবার কটূক্তি করছিলেন এক পুরুষ। একপর্যায়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ওই নারীকে তিনি শারীরিক আক্রমণ করেন। ওই নারীও শেষে প্রতিরোধ গড়ে জুতাপেটা করেন ওই ব্যক্তিকে।
দুজনের মধ্যে এ ঘটনা ঘটার সময় বাসের অন্য যাত্রীদের কাউকে প্রতিবাদ বা হস্তক্ষেপ করতে দেখা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে জানা যায়, নারীকে শারীরিক আক্রমণ করা ব্যক্তিটি ছিলেন ওই বাসের হেলপার নিজামুদ্দিন।
ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় দিয়ে ঘটনাটি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রশাসন আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। আমি সবকিছু বলেছি। এখন ভিডিওটি করছি, যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, নিজামুদ্দিনকে গ্রেপ্তারের পর র্যাব আমাদের কাছে হস্তান্তর করে। তাকে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।










-535698-256x144.webp)


-c4b23c-256x144.webp)



