ফেসবুক পোস্টে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ‘স্বীকারোক্তি’, গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে রাজীব চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (২ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ফেসবুক পোস্টে গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন রাজীব। রাতে তাকে আটক করে সকালে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পল্লবী থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুরের অভিযোগে রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে এর আগে রোববার সকালে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে এখনো অভিযান অব্যাহত রয়েছে।



-f3a338.jpg)













