সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন হবে: নাসীর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
রোববার মৌলভীবাজারের বড়লেখায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: রাজনীতি ডটকম
রোববার মৌলভীবাজারের বড়লেখায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: রাজনীতি ডটকম

সংস্কার ইস্যুকে বিএনপি সরকার অগ্রাধিকার না দিয়ে ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সঠিক পথে না ফিরলে তথা সংস্কার বাস্তবায়ন না করলে সরকারের পতন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার আবার সংস্কারের পক্ষে ফিরে এলে আমরা স্বাগত জানাব। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই— এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে উলটো পথে হাঁটছে। এই সরকারের অনেক সফলতা থাকতে পারে, কিন্তু সরকার যদি ভুল পথে চলে সেই সফলতা টেকসই হবে না। আপনি যদি রেলগাড়ি বেলাইনে বা ভুল পথে চালাতে শুরু করেন, তাহলে কি তা চলবে? চলবে না। কারণ শুরুটাই ভুল পথে হয়েছে।

‘এই সরকারের প্রথম পথ ছিল সংস্কারের পথ। কিন্তু সরকার সেই পথ থেকে সরে অন্য পথে গেছে। ফলে সরকার যা-ই করবে, তা ভুল হিসেবে বিবেচিত হবে,’— বলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির এই নেতা আরও বলেন, আমরা ১১ দল সংস্কার ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিকভাবে এ প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গত নির্বাচনে ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। জনগণের রায়ের বিরুদ্ধে কোনো সরকার যেতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে নাসীর বলেন, সালাউদ্দিন ভাই যতই লাফালাফি করুন, তাতে লাভ হবে না। বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।

এ সময় ১১ দলীয় জোটের নেতা এমাদুল ইসলাম ফয়ছল আহমদ, এনসিপির নেতা প্রীতম দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement