কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেটে এক কিশোরীর কোমরে শেকল বেঁধে সড়কে হাঁটানোর ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওই কিশোরীকে শেকলে বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিও দেখে ওই তিনজনকে আটক করা হয়েছে।
আটক তিনজন হলেন— সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার সি-ব্লকের মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপশহরের একটি দোকানে ওই কিশোরী ক্যাশবাক্স চুরির চেষ্টা করে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। পরে ওই কিশোরীকে আটক করে মারধর করা হয়। রাতে কোমরে শেকল বেঁধে তাকে সড়কে হাঁটানো হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে মেয়েটিকে মারধর ও শেকল বেঁধে সড়কে হাঁটানোর পর স্থানীয়রা তাকে হজরত শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করেন। তবে মেয়েটির বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরে মেয়েটিকে শেকলে বেঁধে সড়কে হাঁটানোর ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ ভিডিও দেখে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
মনজুরুল আলম আরও বলেন, পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে কিশোরীকে শেকলে বেঁধে ঘোরানোর ভিডিওটি নজরে এলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



















