কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার ‘বাগানবাড়ি’র সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজ বাসার সামনে জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জন সন্ত্রাসী। তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা হাদিস মিয়া নামে এক বিএনপি কর্মীও কুপিয়ে আহত হন। হামলার সময় জাহিদুল আলমের বাড়ি ‘বাগানবাড়ি’র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. আনন্দ বসাক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মাহমুদ জানান, ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না।
















