খাগড়াছড়িতে পুড়ল বিআরটিসির বাস, ‘অগ্নিসংযোগ’ ধারণা পুলিশের
-314178-480x270.webp)
খাগড়াছড়িতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন লেগেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কেউ বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ এ তথ্য জানান।
বিআরটিসির বাসটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে চলাচল করে। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন একজন সহকারী। আগুন টের পেয়ে তিনি দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, “ভোর ৪টার কিছু সময় আগে বাসের পেছন দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।” ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, আগুনে অন্তত এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, রাতের আঁধারে কেউ বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।













