পাটগ্রাম সীমান্ত দিয়ে একজনকে পুশইন, ‘মানসিক ভারসাম্যহীন’ ধারণা পুলিশের

লালমনিরহাট প্রতিনিধি
ধনেশ্বর বর্মণ। ছবি: সংগৃহীত
ধনেশ্বর বর্মণ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্ত দিয়ে ধনেশ্বরকে বাংলাদেশে পুশইনের অভিযোগ পাওয়া যায়।

পরে হেঁটে প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম সদর ইউনিয়নের কদুর বাজার এলাকায় যান তিনি। সেখানে অপরিচিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম ধনেশ্বর বর্মণ, বাবার নাম রমেশ্বর বর্মণ ও মায়ের নাম শেকেরী বালা বর্মণ বলে জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ, বিজিবি, স্থানীয় বাসিন্দা ও সীমান্ত সূত্রে জানা গেছে, পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের ভেরভেরীরহাট ও বৈরাগিরহাট সীমান্ত এলাকা বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৬৪ নম্বর প্রধান পিলারের ৪ ও ৫ নম্বর উপপিলারের কাছাকাছি। এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার আশোকবাড়ী পূর্বপাড়া বৈরাগিরহাট সীমান্ত।

অভিযোগ রয়েছে, আজ ভোরে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার একটি ফটক দিয়ে ধনেশ্বরকে মারধর করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠান। পরে তিনি হেঁটে কদুর বাজারে পৌঁছান।

পুলিশ জানায়, ধনেশ্বরের কথাবার্তা ও আচরণ অসংলগ্ন। এ কারণে তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad