মিরপুরে অবরোধের ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ছবি: সংগৃহীত
সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ছবি: সংগৃহীত

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকরা দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক ছাড়লে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে এ দিন সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার কথা জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকরা সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। পরে তারা সড়ক থেকে সরে যান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad