পুলিশের গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
পুলিশের গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনেই বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

বুধবার সন্ধ্যায় ডিআইজি আশিক সাঈদ বলেন, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের মিছিলের বিষয়টি তাকে জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। ওই সময় দায়িত্বে থাকা টহল দল কিংবা আশপাশের থানার কর্মকর্তাদের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে কয়েকজন মিছিলের সামনের সারিতে রয়েছেন। মিছিলে ৩৫ থেকে ৪০ জন অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

ভিডিওতে মিছিলের সামনে দিয়ে পুলিশের একটি টহল গাড়ি যেতে দেখা যায়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad