রাজশাহীতে নগর ভবনে ককটেল, ভূমি অফিসে পেট্রলবোমা হামলা

রাজশাহীর নগর ভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার পবা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে নিক্ষেপ করা হয়েছে পেট্রলবোমা।
শনিবার দিবাগত রাতে এসব হামলার ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। সেখান থেকে দুজন নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অন্যদিকে, রাত ১টার দিকে পবার ভূগরইল মোড় এলাকায় ভূমি অফিসে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।
পেট্রলবোমার আগুনে ভূমি অফিসের দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পরে দুপুরে সেখানে যান জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এরপর তিনি খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র পরিদর্শন করেন। আগের রাতে ওই উপকেন্দ্রেও ককটেল হামলা চালানো হয়েছিল।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামও জানিয়েছেন, এসব হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার পর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

-27acd3.jpg)












