বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট প্রতিনিধি
নিহত নিজাম উদ্দীন শান্ত। ছবি: সংগৃহীত
নিহত নিজাম উদ্দীন শান্ত। ছবি: সংগৃহীত

বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে নিজাম উদ্দীন শান্ত শহরে চেম্বারের কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, নিহতের পিঠ ও পাঁজরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকারীদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ ছাড়া ছুরিকাঘাতের ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement