হারানো ল্যাপটপ হাতে পেলেন সেই জার্মান পর্যটক, খোঁজ মেলেনি ক্যামেরার

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তবে ল্যাপটপের সঙ্গে খোয়া যাওয়া ক্যামেরাটির সন্ধান এখনো পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে ক্রিল ওয়েবারের কাছে ল্যাপটপটি হস্তান্তর করেন। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করা হয়। ল্যাপটপ ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ক্রিল। বাংলাদেশ ভ্রমণে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদানের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যেরও প্রশংসা করেন তিনি।
পাশাপাশি পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা দেওয়া, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ে ‘অনন্য দৃষ্টান্ত স্থাপনের’ নির্দেশনা দেন আইজিপি।
গত ২৩ সেপ্টেম্বর ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে বাংলাদেশে আসেন জার্মান পর্যটক ক্রিল। ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে সেগুলো না পেয়ে নাটোর সদর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান।
ক্রিলের দাবি, হারিয়ে যাওয়া ল্যাপটপে তার গত ছয় মাসের কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি ছিল। তার লিখিত আবেদনের পর নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে কাজ শুরু করে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ল্যাপটপের সঙ্গে ক্রিলের হারিয়ে যাওয়া ক্যামেরাটিও উদ্ধারের চেষ্টা চলছে।
















