ওষুধে মরেনি মশার লার্ভা, ফেরত নিতে ঠিকাদারকে নির্দেশ খুলনা সিটির

খুলনা ব্যুরো
খুলনা সিটি করপোরেশন। ছবি: কোলাজ
খুলনা সিটি করপোরেশন। ছবি: কোলাজ

মান যাচাইয়ের পরীক্ষায় মশার লার্ভা মারতে কার্যকর প্রমাণিত না হওয়ায় নতুন ওষুধ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। কার্যাদেশ বাতিল করে ওষুধ ফেরত নিতে ঠিকাদার এম আর এন্টারপ্রাইজকে নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান ঠিকাদারকে চিঠি দিয়ে কার্যাদেশ বাতিলের তথ্য জানান।

এম আর এন্টারপ্রাইজ গত ৮ সেপ্টেম্বর কেসিসিকে দুই হাজার লিটার লার্ভিসাইড সরবরাহ করে, যার দাম ছিল প্রায় ৫৬ লাখ টাকা। চার দিন পর ১২ সেপ্টেম্বর কীটতত্ত্ববিদদের উপস্থিতিতে ওই ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। কিন্তু ৪৮ ঘণ্টায় ১২ শতাংশ লার্ভাও মরেনি। এ নিয়ে জাতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হলে কেসিসি সেই ওষুধের কার্যাদেশ বাতিল করল।

এম আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ড. মো. মাহবুবুর রহমান গাজী এ নিয়ে আপত্তি জানিয়ে বলেন, কেসিসির ওষুধ পরীক্ষার পদ্ধতি সঠিক ছিল না। নতুন করে পরীক্ষার জন্য আমরা আবেদন করেছিলাম। এ নিয়ে আলোচনা চলছিল। এখন হঠাৎ করে কার্যাদেশ বাতিল করায় আমাদের আইনের আশ্রয় নিতে হবে।

তবে কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, দরপত্রের অন্যতম শর্ত ছিল মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হলে ওষুধের রাসায়নিক পরীক্ষা করা হবে। প্রাথমিক পরীক্ষাতেই তারা ফেল করেছে। কীটতত্ত্ববিদ ও রাসায়নিক বিশেষজ্ঞদের সামনেই নির্ধারিত নিয়ম মেনে ওষুধ পরীক্ষা করা হয়েছে।

এদিকে মশার ওষুধের কার্যাদেশ বাতিল করার পর নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড থেকে নতুন মশার ওষুধ কেনার সিদ্ধান্ত নিয়েছে কেসিসি। নতুন এই ওষুধের প্রতি লিটারের দাম চার হাজার ৪০০ টাকা। বর্তমানে কেসিসি যে লার্ভিসাইড ব্যবহার করছে তার প্রতি লিটার দাম ২ হাজার ৮০০ টাকা।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ওষুধের মজুত শেষ হয়ে আসায় আপাতত এক হাজার লিটার ওষুধ দ্রুত কেনার সিদ্ধান্ত হয়েছে। এই ওষুধও পরীক্ষা করে তারপর গ্রহণ করা হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement