তালাকের ২০ দিন পরে সাবেক স্ত্রীকে ‘হত্যা’, তরুণ আটক

গাজীপুর প্রতিনিধি
পূবাইল থানা। ছবি: সংগৃহীত
পূবাইল থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলে তালাক দেওয়ার ২০ দিন পরে সাবেক স্ত্রীকে রেললাইনে ডেকে নিয়ে গলা কেটে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পূবাইলের হায়দরাবাদ এলাকার মাউরারটেকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে। পূবাইল থানার ওসি আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহত আসমা আক্তারের বয়স ১৮ বছর। তিনি নওগাঁর মান্দা থানার মৌনম এলাকার আবুল হোসেনের মেয়ে। বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় ভাড়া বাসায় থাকতেন আসমা। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন তিনি।

আটক রফিকুল নওগাঁর মান্দা থানার ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী। গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন।

আসমার বাবা আবুল হোসেন জানান, প্রায় সাড়ে তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী রফিকুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তার দাবি, আসমার নানা জোর করে এ বিয়ে দিয়েছিলেন।

আবুল হোসেনের ভাষ্য, সম্প্রতি রফিকুল দেশে ফেরার পর পারিবারিক কলহের জেরে ২০ দিন আগে তাকে তালাক দেন আসমা। তিন দিন আগে রফিকুল কয়েকজনকে সঙ্গে নিয়ে আসমাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে আসমা তার সঙ্গে যেতে রাজি হননি।

এরপর রোববার দুপুরে মুঠোফোনে আসমাকে হায়দরাবাদ রেললাইন এলাকায় দেখা করতে বলেন রফিকুল। সেখানে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান বলেন, স্থানীয় লোকজন রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাটি রেললাইনের সীমানায় হওয়ায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর আলম বলেন, রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে মামলা করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement