৬ ঘণ্টা ধরে জ্বলছে চকবাজারের আগুন, পানি স্বল্পতায় বিপাকে ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের বহুতল ভবনের আগুন প্রায় ছয় ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এখনো একযোগে কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে, পানির সংকটের কারণে তাদের কাজ করতে বেগ পোহাতে হচ্ছে। সরু গলিতে আগুনের প্রচণ্ড ধোঁয়াতেও ব্যাহত হচ্ছে অগ্নিনির্বাপণের কাজ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’য় আগুন লাগে। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস বলছে, বিকেল ৫টা ৪ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। প্রথম তিনটি ইউনিট ৫টা ২২ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে একে একে আরও সাতটি ইউনিট সেখানে কাজে যোগ দিয়েছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, পুরান ঢাকার ওই ঘিঞ্জি এলাকায় পানির কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস নেই। ফলে দূর থেকে হোসপাইপ টেনে ও পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এদিকে গলিগুলো সরু হওয়ায় পানিবাহী গাড়ির যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। বড় গাড়িগুলো সেখানে নেওয়াই সম্ভব হচ্ছে না।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাততলা ভবন মুনসুর খান প্লাজার ছয়তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। দ্রুতই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম রয়েছে, যেগুলো তালাবদ্ধ। সেখানেও আগুন ছড়িয়েছে। তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন নেভাতে কাজ করতে হচ্ছে। এ কারণেও সময় বেশি লাগছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।















