খাগড়াছড়িতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১: ৪৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে রাতের আঁধারে একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। গুইমারায় বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার পাশাপাশি শহরের একটি চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ এবং সড়কে গাছ কেটে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকায় সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা বিএনপির একটি কার্যালয়ে আগুন দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কার্যালয়ের সমস্ত আসবাবপত্র ও ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একই রাতে জেলার বিভিন্ন স্থানে নাশকতার খবর পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) পেট্রোল বা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন।

আওয়ামী লীগকে দায়ী করল বিএনপি

এই ধারাবাহিক নাশকতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সরাসরি দায়ী করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার অনুসারী ও সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়ে শহরে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। তিনি অবিলম্বে এসব চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

অন্যদিকে, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানিয়েছেন, রাতের আধারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad